Skip to content

প্রবাসী কার্ড: প্রবাসীদের জীবনকে সহজ করছে সরকার

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন পেমেন্টসহ বিভিন্ন জরুরি সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন এবং রিজার্ভ সমৃদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিমানবন্দর, বিদেশে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন জায়গায় সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরেই হয়রানির অভিযোগ রয়েছে। এর পাশাপাশি দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অর্থ পাঠানোর জটিলতা এবং দেশে ফিরে পুনর্বাসনসংক্রান্ত নানা সমস্যারও মুখোমুখি হন তারা।

এসব ভোগান্তি কমাতেই সরকার ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে হয়রানি কমানোর পাশাপাশি দূতাবাসে অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি ও প্রয়োজনীয় সেবার ফি এবং অন্যান্য অর্থ পরিশোধ অনলাইনেই সহজে করা যাবে।

এক সাক্ষাৎকারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করে এই প্রবাসী কার্ড চালু করা হবে। সরকারের আশা, চলতি মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে। তিনি বলেন, কার্ডধারীরা বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতাবাসেও অগ্রাধিকার সুবিধা পাবেন। এ ছাড়া বিভিন্ন সেবার ফি ও অন্যান্য পেমেন্টও এই কার্ডের মাধ্যমেই অনলাইনে সহজে করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *